ভৈরবে যানজট সৃষ্টি: বাস-সিএনজিসহ কয়েকটি যানবাহনের চালককে জরিমানা
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে নো-পার্কিং জোনে বাস ও সিএনজি থামিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ দেখা দেয়।
যানজট সৃষ্টির অভিযোগে ৪টি সিএনজি ও ২টি বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।
অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানার পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রতিদিনের মতো আজও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় সড়ক দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে কয়েকটি ফলের দোকানকে সতর্ক করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন অমান্য করায় কয়েকটি সিএনজি, বাস ও অন্যান্য যানবাহনের চালকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও দুর্ভোগমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিমুল হক বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নো-পার্কিং জোনে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







