ভৈরবে দুই বংশের ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০; আটক ৬
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামে খাঁ বাড়ি ও তারা গাজী বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে থেকেই দুই পক্ষের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সালিশের কথা থাকলেও একটি পক্ষ তাতে সম্মত হয়নি। মঙ্গলবার দুপুরে সিরাজ পাগলা মাজারে ওরস উপলক্ষে দুই পক্ষের কয়েকজনের মধ্যে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রাত ৮টার দিকে তারা গাজী বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খাঁ বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। এতে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও সেনাবাহিনীর সহায়তা নিতে হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অন্তত ২০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এছাড়া অন্য পক্ষের আহতরা গ্রেপ্তার এড়াতে কুলিয়ারচরসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু তালেব বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলাও করা হবে।




