বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ ১৪৩২
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ ১৪৩২

গভীর রাতে করগাঁও বাজারে আগুন: ৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গভীর রাতে করগাঁও বাজারে আগুন: ৫ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বাজারে প্রথমে একটি লেপ-তোষকের দোকানে আগুন দেখতে পান নাইট গার্ড কবির হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে কটিয়াদী ও নিকলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে লেপ-তোষক, স্বর্ণালংকার, কসমেটিক্স, সেলুন ও ওষুধের দোকানসহ পাঁচটি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এ ঘটনায় তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ১৯ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কোনো দোকানের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অষ্টগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফজলুর রহমানের মতবিনিময় সভা

আলী রহমান খান প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
অষ্টগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফজলুর রহমানের মতবিনিময় সভা

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান, সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বাবু, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন আশরাফি, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, নার্সিং সুপারভাইজার শামিনা রানী দাস, স্বাস্থ্য সহকারী জারহান মিয়া, সিএইচসিপি আইয়ুব হোসেন প্রমুখ।

বক্তারা হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকটসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাওরাঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস দেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভা শেষে ১৪ সদস্যবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহকে সদস্য সচিব করা হয়েছে।

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় সাত গম্বুজ মসজিদে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
মির্জা আব্বাসের সুস্থতা কামনায় সাত গম্বুজ মসজিদে দোয়া মাহফিল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম এমপি।

মাহফিলে মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি বলেন, “মির্জা আব্বাস আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তার সুস্থতা আমাদের সবার কাম্য। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবারও জনগণের মাঝে ফিরিয়ে আনেন।”

পুমদী ইউনিয়ন ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামকে গণসংবর্ধনা

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামকে গণসংবর্ধনা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে হোসেনপুর উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুমদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মাজার, পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মো. আল আমিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও জুলাই যোদ্ধা মো. সুজন মিয়া, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শামসুল আলম পারভেজসহ অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে কিশোরগঞ্জ ও হোসেনপুর এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলাম উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।