হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া গ্রামে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শরীফ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফ মিয়া(৩২) ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় তিনি খোলা মাঠে অবস্থান করছিলেন এবং বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বেলা সাড়ে ৩টার দিকে বৃষ্টি থামার পর স্থানীয় কৃষকরা হাওরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মিঠামইন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “ঘटनাটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







