মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৫ ১৪৩২
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৫ ১৪৩২

করিমগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি আটক, ১৫৬ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
করিমগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি আটক, ১৫৬ পিস ইয়াবা উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে করিমগঞ্জ থানার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রয়কালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— রকিব মিয়া ওরফে রকি (২৪) এবং দ্বীন ইসলাম (৩৮)। তারা উভয়েই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে ১৫৬ (একশত ছাপ্পান্ন) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ৯২০ টাকা এবং ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা, জব্দ ১১৫ কেজি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা, জব্দ ১১৫ কেজি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে প্রায় ১১৫ কেজি পঁচা গরুর মাংস জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বিজয় (২৬), তিনি উপজেলার সৈয়দগাঁও এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান

অভিযান চলাকালে বিজয়ের মালিকানাধীন ‘বিজয় গোস্ত বিতান’ নামক দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পঁচা ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর গরুর মাংস পাওয়া যায়। পরে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর এবং ডা. তামান্না দিলশাদ রিমি। এছাড়া পাকুন্দিয়া থানার এসআই মো. সৈলিম হোসাইন-এর নেতৃত্বে একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপন

“Together for Health, Stand with Science” এবং “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়, কিশোরগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর ৭ এপ্রিল World Health Organization (WHO)-এর উদ্যোগে বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্সিং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সাইফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডা. মীর নুর-উস-সাদ, সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন), একই কলেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, জেলার চারটি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, মেডিকেল অফিসারবৃন্দ, UNICEF-এর ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, BRAC ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিনিধিবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্সিং কলেজের শিক্ষার্থীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. পল্লব কুমার দেবনাথ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, কিশোরগঞ্জ।

সভায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের অভূতপূর্ব ভূমিকা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন ডা. আজিজুল হক তানজিল। তিনি বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনরক্ষা ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হাম রোগের বিস্তার রোধে জেলা স্বাস্থ্য বিভাগের গৃহীত পদক্ষেপসমূহ গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে সদর উপজেলার মুকসেদপুর ইউনিয়নে BRAC Health Programme-এর উদ্যোগে একটি সমন্বিত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত সাধারণ মানুষের ওজন, উচ্চতা, রক্তচাপ, ডায়াবেটিস এবং চক্ষু পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


ভৈরবে যৌথ অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারি ইয়াবা ও হেরোইনসহ আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
ভৈরবে যৌথ অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারি ইয়াবা ও হেরোইনসহ আটক

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আটককৃতরা হলেন— পুকুরপাড় এলাকার মাদক কারবারি মুজিবুর মিয়া, তার স্ত্রী মাফিয়া বেগম এবং একই এলাকার রুবিনা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথমে মুজিবুর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মুজিবুর মিয়া ও তার স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়।

পরবর্তীতে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে রুবিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া রুবিনা বেগমকে অতিরিক্ত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম আজিমুল হক। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন এবং ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সূর।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভৈরব এলাকায় মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।