পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা, জব্দ ১১৫ কেজি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে প্রায় ১১৫ কেজি পঁচা গরুর মাংস জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বিজয় (২৬), তিনি উপজেলার সৈয়দগাঁও এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
অভিযান চলাকালে বিজয়ের মালিকানাধীন ‘বিজয় গোস্ত বিতান’ নামক দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পঁচা ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর গরুর মাংস পাওয়া যায়। পরে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর এবং ডা. তামান্না দিলশাদ রিমি। এছাড়া পাকুন্দিয়া থানার এসআই মো. সৈলিম হোসাইন-এর নেতৃত্বে একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array