মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার সচেতনতামূলক সেমিনার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) পৌর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সেমিনারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সময়োপযোগী প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

সেমিনারে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

ভৈরবে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশের কাছে সোপর্দ

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
ভৈরবে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশের কাছে সোপর্দ

কিশোরগঞ্জের ভৈরবে ১২০ পিস ইয়াবাসহ মেহেদী সরকার (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মেহেদী সরকার গাজীপুর জেলার কাপাসিয়া থানার চকবড়র গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরপাড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এলাকাবাসী তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুসহ স্থানীয়রা জানান, মাদক কারবারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী নজরদারি চালিয়ে আসছিল। ইয়াবাসহ হাতেনাতে ধরার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক মাদক কারবারি, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, পুকুরপাড় এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ও সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে।

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নতুন বাসা সাভারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নতুন বাসা সাভারে

একসময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নতুন ঠিকানা এখন সাভার। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাভার ক্যাম্পাসে স্থানান্তর করা হয়েছে আলোচিত এই মহিষটিকে, যেখানে এটি সংরক্ষণ, জিনগত গবেষণা ও প্রজনন উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ব্যবহৃত হবে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে মহিষটিকে। বর্তমানে এটিকে বিশেষ কোয়ারেন্টাইনে রেখে নিবিড় স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কোয়ারেন্টাইন পর্ব শেষে এর জিনগত বৈশিষ্ট্য, উৎপাদন সক্ষমতা ও প্রজনন সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হবে।

এ লক্ষ্যে বিএলআরআই ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ড. গৌতম কুমার দেবের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রাণীটির সার্বিক তত্ত্বাবধান ও গবেষণাকাজ পরিচালনা করবে। প্রাথমিকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

নারায়ণগঞ্জের একটি খামারে লালিত-পালিত সাদাটে বর্ণের এই অ্যালবিনো মহিষটির মাথার বিশেষ ধরনের চুলের বিন্যাস দেখে মজার ছলে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় প্রাণীটি।

কোরবানির জন্য বিক্রির পর নিরাপত্তাজনিত কারণে সরকারি উদ্যোগে মহিষটিকে জবাই থেকে বিরত রাখা হয় এবং প্রথমে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠার পর এবার গবেষণার স্বার্থে তার নতুন গন্তব্য হয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

গবেষকদের আশা, বিরল বৈশিষ্ট্যের এই অ্যালবিনো মহিষ নিয়ে পরিচালিত গবেষণা ভবিষ্যতে দেশের মহিষের জাত উন্নয়ন, সংরক্ষণ এবং প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন, দর্শনার্থীদের নজর কাড়ছে অপ্রচলিত ফল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন, দর্শনার্থীদের নজর কাড়ছে অপ্রচলিত ফল

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেলা ফল মেলা-২০২৬’। মঙ্গলবার (২৩ জুন) থেকে ২৫ জুন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ও বিদেশি নানা জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।

এবারের মেলায় কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, বাজিতপুর, করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। প্রদর্শনীতে প্রচলিত ফলের পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে ড্রাগন ফল, ডেউয়া, বিলিম্বি, মিয়াজাকি আম, মিষ্টি তেঁতুল, এমডি-২ (MD-2) জাতের আনারস, আঁশফল, রামবুটান, করমচা এবং আফ্রিকান মাল্টাসহ নানা ধরনের অপ্রচলিত ও উচ্চমূল্যের ফল।

স্টল পরিদর্শনের সময় জেলা প্রশাসক ফলের সুষ্ঠু সংরক্ষণ, লাভজনক বাজারজাতকরণ এবং পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয়ভাবে ফলচাষ সম্প্রসারণ এবং কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক ফল উৎপাদনে উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে ফলচাষে আগ্রহ বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।