বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ক্লোসার দুই কীর্তি মেসির, কিন্তু ব্রাজিলের রিভেলিনোর রেকর্ড ভাঙা হলো না

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ক্লোসার দুই কীর্তি মেসির, কিন্তু ব্রাজিলের রিভেলিনোর রেকর্ড ভাঙা হলো না

সংগ্রহীত ছবি

এক ম্যাচেই ইতিহাসের দুটি বড় রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন, ভেঙেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দুটি রেকর্ড। তবে ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর একটি অনন্য কীর্তি এখনও যৌথভাবেই ধরে রেখেছেন এই আর্জেন্টাইন তারকা।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে ম্যাচের দুটি গোলই করেন মেসি। এই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্ব বা দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের আগে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ছিল ১৬, যা ক্লোসার সমান। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি সেই সংখ্যা ১৮-তে উন্নীত করেন এবং পুরুষদের ফিফা বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও শক্ত করেন।

এছাড়া আর্জেন্টিনার এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসাকে পেছনে ফেলেছেন মেসি। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচজয়ের দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড এখন তাঁর দখলে।

তবে তৃতীয় যে রেকর্ডটি নিয়ে আলোচনা ছিল, সেটি এখনও ভাগাভাগি করেই রাখতে হচ্ছে। আলজেরিয়ার বিপক্ষে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা গোলের সংখ্যা পাঁচে উন্নীত করেছিলেন মেসি। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর দীর্ঘদিনের রেকর্ড স্পর্শ করেন।

অস্ট্রিয়ার বিপক্ষে মেসির দুটি গোলই এসেছে পেনাল্টি বক্সের ভেতর থেকে। ফলে বক্সের বাইরে থেকে তাঁর গোলসংখ্যা পাঁচেই অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, রিভেলিনোর রেকর্ড স্পর্শ করলেও সেটিকে এককভাবে নিজের নামে লেখাতে পারেননি তিনি।

বিশ্বকাপে বক্সের বাইরে থেকে মেসির পাঁচ গোলের মধ্যে রয়েছে ২০১৪ সালে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান এবং নাইজেরিয়ার বিপক্ষে করা তিনটি গোল, ২০২২ সালে মেক্সিকোর বিপক্ষে একটি এবং ২০২৬ সালে আলজেরিয়ার বিপক্ষে একটি গোল। অন্যদিকে, রিভেলিনো ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে দূরপাল্লার শটে পাঁচবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে এই রেকর্ড গড়েছিলেন।

তবে আর্জেন্টিনার সামনে এখনও টুর্নামেন্টের আরও ম্যাচ বাকি। ফলে বক্সের বাইরে থেকে আর একটি গোল করতে পারলেই রিভেলিনোকেও ছাড়িয়ে সেই রেকর্ডের একক মালিক হওয়ার সুযোগ থাকছে লিওনেল মেসির সামনে।

ভৈরবে নিজ বাড়ি থেকে ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
ভৈরবে নিজ বাড়ি থেকে ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ি থেকে সিদ্দিক মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মিয়া ওই গ্রামের মৃত সৈয়দ লাল মাহমুদের ছেলে। তিনি চার সন্তানের জনক এবং পেশায় একজন ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির লোকজন সিদ্দিক মিয়াকে বাড়ির একটি গাছের ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে দ্রুত নিচে নামিয়ে আনা হয়। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, সিদ্দিক মিয়া কয়েক বছর ধরে স্বাভাবিকভাবে চলাফেরা ও জীবনযাপন করছিলেন না। তাঁর আচরণে কিছুটা অস্বাভাবিকতা ছিল বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) হাসান জোয়ারদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ’লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ’লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ মডেল থানায় দুজন, করিমগঞ্জে একজন, হোসেনপুরে একজন, কটিয়াদীতে তিনজন, ভৈরবে একজন, নিকলীতে দুজন এবং ইটনায় একজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেকান্দর আলী (৪৫), মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া (৫৫), হোসেনপুরের গোবিন্দপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মিয়া (৫৩), ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু তালেব (৪৩), করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. প্রান্ত (২৪), নিকলী আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আলী বিজয় (৪১) ও মো. আলমগীর (৩০), ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. স্বপন আহমেদ (৪০), কটিয়াদীর ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মিয়াদ (৪০), আওয়ামী লীগের ইউপি সহসভাপতি মো. গোলাপ মিয়া (৫৮) এবং যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি তোতা মিয়া (৪২)।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, কিশোরগঞ্জ জেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু রোগী শনাক্ত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত কিশোরগঞ্জে মোট ৬৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬০২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ভৈরবে ১০ জন, করিমগঞ্জে ৫ জন, কুলিয়ারচরে ২ জন, হোসেনপুরে ১ জন, পাকুন্দিয়ায় ১ জন, ইটনায় ২ জন, মিঠামইনে ২ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরিফুর ইসলাম জানান, কয়েক দিন ধরে জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতায় ভুগছিলেন তিনি। পরীক্ষা করানোর পর ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রোগীর স্বজন জহির উদ্দিন বলেন, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করায় রোগীর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো হয়েছে। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। এখন পর্যন্ত জেলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে ভৈরবের দুজন ডেঙ্গু রোগী ঢাকায় ও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু শনাক্তের জন্য জেলায় পর্যাপ্ত কিট রয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রশাসনও তৎপর রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।