কটিয়াদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী পৃথক এসব কর্মসূচি পালিত হয়।
মিছিলগুলোতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে কটিয়াদী পৌর শহরের প্রধান সড়কগুলো।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপের নেতৃত্বে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষীর নেতৃত্বে কটিয়াদী সরকারি কলেজ গেটের সামনে থেকে আরেকটি আনন্দ মিছিল বের করা হয়।
পৃথক দুটি মিছিল কটিয়াদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপ দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার নয়টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও আনন্দ মিছিলে অংশ নিয়েছেন। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকবেন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
আরিফুর রহমান কাঞ্চন বলেন, ১৯৮০ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। চার দশকের বেশি সময় ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন বলেন, বিএনপি জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বিএনপি তৃণমূলের জনগণের দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি কাজ করছে বলেও তিনি দাবি করেন।
আনন্দ মিছিল উপলক্ষে কটিয়াদী উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে এসব মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. জহর লাল সাহা, সহসভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল ও মো. আতিকুর রহমান আতিক; পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মন্টু; উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু; পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল ও হাজী মোহাম্মদ আলী।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুল আলম মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array