আজ শুরু নারী এশিয়া কাপ, ফাইনালের লক্ষ্য বাংলাদেশের
নারী এশিয়া কাপের দশম আসর শুরু হচ্ছে আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায়। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই মহাদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে আটটি দল। আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফাইনালের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।
উদ্বোধনী ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে থাইল্যান্ড ও হংকং। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
আসর শুরুর পরদিন, অর্থাৎ ২৯ আগস্ট শ্রীলঙ্কার মেয়েরা মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের। এরপর ৩০ আগস্ট ভারত খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১ সেপ্টেম্বর পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।
গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। ১৩ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। এশিয়া কাপের সব ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।
এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিজেদের প্রস্তুতি সম্পর্কে জ্যোতি বলেন, “প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।”
প্রস্তুতির এই ধারাবাহিকতা কাজে লাগিয়ে গ্রুপপর্ব পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array