পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৪ নবজাতকের
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) গায়নোকোলজি ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওয়ার্ডে থাকা অন্তত একজন নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডন-এর প্রতিবেদনে জানা গেছে, ভোর ৭টার দিকে পিমসের গায়নোকোলজি ওয়ার্ডের নবজাতক রাখার অংশে আগুনের সূত্রপাত হয়। ইসলামাবাদ প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ওয়ার্ডটি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত।
পিমসের মুখপাত্র ডা. আনীজা জলিল ডনকে জানান, ওই ওয়ার্ডে ১৫ জন শিশু ছিল। আগুন লাগার পর একজন চিকিৎসক অন্তত একটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শর্ট সার্কিটের কথা বলা হলেও পরবর্তী প্রতিবেদনে এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ বা ত্রুটির বিষয়টিও উঠে এসেছে।
ইসলামাবাদ প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। উদ্ধারকারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে ১৪ নবজাতককে মৃত ঘোষণা করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইসলামাবাদ প্রশাসনের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে এ কমিটি তদন্ত করবে।
এদিকে ঘটনার পর হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বজনদের কেউ কেউ অভিযোগ করেছেন, অগ্নিকাণ্ডের সময় নবজাতক ওয়ার্ডে পর্যাপ্ত কর্মী উপস্থিত ছিলেন না এবং উদ্ধার কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা ছিল। এসব অভিযোগও তদন্তের আওতায় আসতে পারে।
ঘটনাটি নিয়ে পাকিস্তানে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array