কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে ‘মাইক্রো স্কিল প্যাকেজ মেলা–২০২৬’ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ প্রস্তুতির লক্ষ্যে ‘মাইক্রো স্কিল প্যাকেজ মেলা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং UNICEF-এর যৌথ উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এ মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। ‘মাইক্রো স্কিল’ হলো এমন কিছু ছোট ছোট রূপান্তরযোগ্য দক্ষতার সমষ্টি, যা কিশোর-কিশোরীদের বাস্তব জীবনে সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা অর্জনে সহায়তা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস. এম. ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি নানান উদ্ভাবনী প্রকল্প, হস্তশিল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী ঘুরে দেখেন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প ও শিল্পকর্ম প্রদর্শন করে। এসব প্রদর্শনীর মধ্যে ছিল হাতে তৈরি কারুশিল্প, বিজ্ঞানভিত্তিক ছোট প্রকল্প, ডিজিটাল কনটেন্ট এবং দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য নানা উদ্ভাবনী ধারণা।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের এমন সৃষ্টিশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিতে তাদের মাঝে আর্থিক পুরস্কার বিতরণ করেন।
এ সময় তিনি ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত এ ধরনের মেলা আয়োজনের আহ্বান জানান।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরুবান আতরাবা তামান্না। এছাড়াও পুলিশ লাইন্স সংশ্লিষ্ট বিভিন্ন সিনিয়র কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি তাদের প্রকল্প ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য গ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।







