সরকারি চাকরিতে পাঁচ লাখ লোক নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২,৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড’ বিষয়ক একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই-হেলথ কার্ড প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, দেশের সার্বিক স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের ওপর প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা সরকারের ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও বলেন, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের জন্য একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।
এছাড়া হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনা এবং দেশে পেপাল কার্যক্রম চালুর সম্ভাবনা যাচাইয়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ১২৯ জনকে ভাতা প্রদান করা হয়েছে।
তিনি জানান, বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট অব ইলিজিবিলিটির ভিত্তিতে ভিসার আগেই ঋণ প্রদান সহজ করা হয়েছে।









