শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবীণ হিতৈষী সংঘ, জেলা শাখার উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ শহরের বিনোদনকেন্দ্র উবাই পার্ক-এ এ মিলনমেলার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রবীণ সদস্যদের উপস্থিতিতে পুরো উবাই পার্ক প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং জীবনের শেষ পর্বে কিছুটা প্রশান্তি খোঁজার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যরা বনভোজনে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)। তিনি তার বক্তব্যে প্রবীণদের অভিজ্ঞতাকে সমাজের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং তাঁদের কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, কিশোরগঞ্জের উপ-পরিচালক কামরুজ্জামান খান। তিনি প্রবীণদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আতিকুল সারোয়ার। তিনি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রবীণদের একাকীত্ব দূর করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এই আয়োজনে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল। প্রবীণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

শেষে আনন্দঘন পরিবেশে বনভোজনের সমাপ্তি ঘটে।

করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বড় হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম হলুদ মিয়া (৩৭)। তিনি উপজেলার জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে হলুদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব-এ ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের পঞ্চবটী এলাকার বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসিফ মিয়া ওরফে ‘ক্যাপ্টেন আসিফ’ (২৪), আরকান (১৯), মো. আমিন মিয়া (২০), জালাল মিয়া (২৪) ও বাদশা মিয়া (২৭)। তাদের মধ্যে আসিফ মিয়ার নামে হত্যা মামলাসহ মোট ২২টি মামলা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটী পুকুরপাড় এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে দা, ছুরিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, “ভৈরব এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ একজন শীর্ষ ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২২টি মামলা ও ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হয়ে কিছু অপরাধী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এসব নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

ভৈরবে সমবায়ী দম্পতির টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: গ্রেপ্তারের দাবি

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ভৈরবে সমবায়ী দম্পতির টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: গ্রেপ্তারের দাবি

কিশোরগঞ্জের ভৈরব-এ সমবায়ী দম্পতির ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় পৌর শহরের গাছতলাঘাট এলাকায় সমবায়ীদের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী দম্পতি হলেন—মাসুদ আলম (২৫) ও তার স্ত্রী রিতা আক্তার (২০)।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ১৬ এপ্রিল রাত ৮টার দিকে সমবায়ের গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তাদের গতিরোধ করা হয়।

অভিযোগ অনুযায়ী, সুলমান মিয়া (৩২)-এর নেতৃত্বে ১০–১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। এ সময় রিতা আক্তারের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে ফেলা হয়।

পরবর্তীতে দম্পতিকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। এ সময় রিতা আক্তারকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও ওঠে।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা সমবায়ের সংগ্রহ করা নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি রিতা আক্তারের গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও লুট করে নিয়ে যায়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় পুনরায় হামলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মাসুদ আলম অভিযোগ করেন, “সুলমান গংরা এর আগে আমার এক আত্মীয়কে জিম্মি করে ৫০ হাজার টাকা দাবি করেছিল। আমি প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এরপর থেকে আমাদের হুমকি দিয়ে আসছিল।”

তিনি জানান, এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভৈরব থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত সুলমান মিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।