যশোদলে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ইউনিয়নের কুতখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে মাদক ও জুয়া নির্মূলে সম্মিলিত উদ্যোগ এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি বলেন, “মাদক ও জুয়া একটি সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এ ধ্বংসাত্মক প্রবণতা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।”
যশোদল ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম এবং জেলা উলামাদলের সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন। বক্তারা বলেন, এলাকার কিছু অসাধু চক্রের কারণে যুবসমাজ বিপথে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। তারা মাদক ও জুয়া নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।
যশোদল ইউনিয়ন বিশেষ করে ৭নং ওয়ার্ড এলাকায় মাদক ও অপরাধবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।













