কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, আহত ৪
নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (১৭ মে) সকালে নেত্রকোনার কুরপাড়া সিএনজি স্টেশন থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেরেঙ্গা তারেরঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোরিকশাটি সড়ক দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও চার যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করেন।
কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জিয়াউল হক জানান, দুপুর আনুমানিক ১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিহত নারীর মরদেহসহ চারজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে আহতরা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ নিহত নারীর মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আহত যাত্রী মোহাম্মদ ছন্দু মিয়া বলেন, “আমরা সবাই নেত্রকোনা থেকে কিশোরগঞ্জে আসছিলাম। আমি সিএনজিতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি হাসপাতালে আছি। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বলতে পারছি না।”
এদিকে নিহত নারীর পরিচয় শনাক্তে পরিবারের সদস্য বা স্বজনদের দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা।







