ঈদ উপলক্ষে হোসেনপুর পৌরসভায় দুস্থদের মাঝে চাল বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের এ কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার দুস্থ, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, এ কার্যক্রম আগামী তিন থেকে চার দিন চলমান থাকবে।
এবারের কর্মসূচিতে হোসেনপুর পৌরসভার ৩ হাজার ৮৫টি তালিকাভুক্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ করা হচ্ছে।
বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন সমাজের প্রতিটি পরিবারের মাঝে পৌঁছে যায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে চাল পৌঁছে দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি ছাড়াই যাতে সুবিধাভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পান, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কার্ডধারীরা নির্ধারিত কুপন ও পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে তাদের চাল সংগ্রহ করছেন। চাল পেয়ে অনেক সুবিধাভোগী পরিবার সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মফস্বল সাংবাদিক ইউনিয়ন হোসেনপুর শাখার সভাপতি এস কে শাহীন নবাব, স্বাস্থ্য সহকারী মো. সৈয়দুজ্জামান, অফিস সহকারী মো. আ. হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array