কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, যানজট ও লোডশেডিং নিয়ে উদ্বেগ
কটিয়াদী উপজেলা-এ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গরু চুরি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও লোডশেডিংসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একই সঙ্গে মাদকের বিস্তার, যানজট এবং ঘন ঘন লোডশেডিং জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা জোরদার, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা, মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি উপজেলার শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সভার সভাপতি।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array