পাকুন্দিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা
‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে পৌর সদরের পূর্ব লক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এতে ওয়ার্ডের কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পাকুন্দিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও জোরদার করতে হবে। এ লক্ষ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মাদকসেবী ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি শেষবারের মতো তোমাদের ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি। হয় মাদক ছেড়ে দাও, নয়তো পাকুন্দিয়া ছেড়ে দাও।”
তিনি আরও বলেন, মাদক সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় অভিশাপ। মাদক নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনারা আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করুন। মাদক কারবারি যদি আমার সন্তান কিংবা ভাইও হয়, তাকেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না; আইনের আওতায় আনতে হবে।”
তিনি জানান, মাদক নিয়ন্ত্রণকে আরও কার্যকর করতে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি সভায় উল্লেখ করেন।
সভায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও ভিপি কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন এবং উপজেলা বিএনপির সদস্য মো. শাহীন আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ ও মোস্তফা কামাল জুয়েল, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. আল-ইমরান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ, যুবদল নেতা নাজমুল হক ডালিম এবং ছাত্রদল নেতা শাকিল মাহমুদ সম্রাট, কামাল ফারাবীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে স্থানীয় জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array