সূচনার অর্থায়নে নাশকতার চেষ্টা: গ্রেপ্তার ৪৪
দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিল করতে গিয়ে কুমিল্লায় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা সবাই কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
পুলিশ সূত্র জানায়, ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি চলছিল। সাবেক এমপি বাহারের মেয়ে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সূচনার অর্থায়নে এ মিছিল আয়োজনের চেষ্টা হচ্ছিল বলে জানা গেছে।
এ সময় টমছম ব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ ২৯ জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৫ জনকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিছিলে অংশ নেওয়ার সময় তাদের আটক করা হয়েছে।
পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, “কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত রাত ও আজ ভোরে নাশকতার সময় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।”







