নিকলীতে চর দখল নিয়ে দুই গ্রামের উত্তেজনা
কিশোরগঞ্জের নিকলীতে ঘোড়াউত্রা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে বেয়াতিরচর ও ছাতিরচর—দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ নদীর পাড়ে মুখোমুখি হয়। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘোড়াউত্রা নদীর পশ্চিম তীরে সৃষ্টি হওয়া নতুন চর বহুদিন ধরে বেয়াতিরচর গ্রামের লোকজন চাষাবাদ করে আসছেন বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, ছাতিরচর গ্রামের লোকজন ‘মসজিদের জন্য জমি’ দাবি তুলে চর দখলে নিতে চাইছেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার নদীচরে জেগে ওঠা শত শত একর জমি ভূমিহীন কৃষকদের দেওয়ার কথা থাকলেও বাস্তবে বেশিরভাগই প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। কিছু জমি মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেওয়া হলেও অবশিষ্টের ওপর দখল নিয়ে বিরোধ রয়েছে।
নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসারের কার্যালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পুলিশ, দুই ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।







