সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

হাতিয়ায় বিয়েবাড়িতে গানবাদ্য ; সালিশে বেত্রাঘাত, জরিমানা

রেজাউল হক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাতিয়ায় বিয়েবাড়িতে গানবাদ্য ; সালিশে বেত্রাঘাত, জরিমানা

নোয়াখালীর হাতিয়ায় বিয়েতে মাইক বাজানোকে কেন্দ্র করে মধ্যযুগীয় বর্বরতার মতো এক ঘটনা ঘটেছে। সামান্য সময়ের জন্য মাইক ব্যবহারের অভিযোগে কনে ও তার মা–বাবাসহ পরিবারের সদস্যদের বেত্রাঘাত করা হয়েছে এবং চাপিয়ে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকার জরিমানা। জরিমানার টাকা দিতে না পারায় জামাতার জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশাটিও আটকে রাখা হয়েছে। ফলে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার(২৬ নভেম্বর) দুপুরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে, যেখানে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি একটি অনানুষ্ঠানিক সালিশ বসিয়ে এই অমানবিক রায় দেন।

জানা যায়, বুড়িরচর এলাকার শাহজাহানের মেয়ের বিয়ে হয় গত সেপ্টেম্বর মাসে। তখন কোনো অনুষ্ঠান না করায় বুধবার ছোট আকারে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হয় এবং আনন্দের জন্য কিছুক্ষণ মাইক ব্যবহার করা হয়। এতেই কিছু স্থানীয় ব্যক্তি আপত্তি তুলে শাহজাহানের বাড়িতে যান। কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে স্থানীয় কয়েকজন সালিশ ডাকেন এবং সেখানে সিদ্ধান্ত হয় পরিবারের সবার ওপর ১৫টি করে বেত মারা হবে। একই সঙ্গে আরোপ করা হয় ৩০ হাজার টাকার জরিমানা। টাকা দিতে না পারায় আফছার নামের একজন জামাতার অটোরিকশা আটকে রাখে।

মেয়ের বাবা শাহজাহান বলেন, তিনি বারবার ক্ষমা চাইলেও সালিশদাররা কর্ণপাত করেননি। তাঁর ভাষায়, “গরিব মানুষ। মেয়ের বিয়েতে শখ করে মাইক বাজিয়েছি। এতেই আফসার, ছারোয়ার আর মালেক আমাদের মেরেছে। পরে সালিশ ডেকে আরও বেত মেরেছে এবং জরিমানাও করেছে।” তবে সালিশে উপস্থিত আলাউদ্দিন মাঝি দাবি করেন, মাইক বাজানোকে কেন্দ্র করে হট্টগোলের সময় আফছারের নাকি ৫০ হাজার টাকা হারিয়ে যায়। যদিও তারা কোনো প্রমাণ পাননি, তবুও একজন সালিশদারের সিদ্ধান্তে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। তিনি বলেন, মহিলাদের বেত মারা হয়নি; তাদের ‘শাসন’ করার দায়িত্ব দেওয়া হয়েছে ঘরের মুরুব্বি শাহজাহানকে।

স্থানীয়দের মতে, এ ধরনের সালিশ ও শাস্তি সম্পূর্ণ বেআইনি। বাংলাদেশের আইনে গ্রাম্য সালিশের কোনো ক্ষমতা নেই কাউকে বেত্রাঘাত বা আর্থিক জরিমানা করার। এটি ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। এ বিষয়ে সাগরিয়া ফাঁড়ির এসআই ফরহাদ হোসেন জানান, বিয়েতে মাইক বাজানো নিয়ে সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং উভয়পক্ষকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরে তারা গ্রাম্য সালিশ করায় তিনি আর সেখানে থাকেননি। কেউ লিখিত অভিযোগ করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।