নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
নেত্রকোনার সদর উপজেলায় নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৫৮) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। রোববার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে যান। পরে ঘরে ফিরে স্বামীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন,
“হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”







