সরকারি হাসপাতাল তদারকিতে ৫৪ কর্মকর্তাকে দায়িত্ব
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি হাসপাতাল প্রধানদের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি এবং উপস্থিতির তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও পর্যবেক্ষণ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
অফিস আদেশ অনুযায়ী, প্রত্যেক কর্মকর্তাকে প্রতি মাসে কমপক্ষে একটি হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনে পাওয়া সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় জমা দিতে হবে।
তদারকির আওতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে।
যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন জেলার পাশাপাশি অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ের হাসপাতাল তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠপর্যায়ের হাসপাতালগুলোর বাস্তব চিত্র, জনবল উপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, অবকাঠামোগত সমস্যা ও ব্যবস্থাপনার ঘাটতি সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি চিহ্নিত সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array