বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ ১৪৩২
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ ১৪৩২

এশিয়ায় ভোটের হাওয়া, ‘সূর্যোদয়ের দেশ’ জাপানে আজ শুরু জাতীয় নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এশিয়ায় ভোটের হাওয়া, ‘সূর্যোদয়ের দেশ’ জাপানে আজ শুরু জাতীয় নির্বাচন

একই সপ্তাহে এশিয়ার একাধিক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

একই সপ্তাহে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি একই দিনে এশিয়ার শক্তিশালী রাষ্ট্র ও ‘সূর্যোদয়ের দেশ’ হিসেবে পরিচিত জাপানেও অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন।

জাপানে রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২৩ জানুয়ারি জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি সংসদ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করেই তিনি আগাম নির্বাচনের পথে এগিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সানাই তাকাইচি। মাত্র চার মাস ক্ষমতায় থাকলেও তার ব্যক্তিগত জনপ্রিয়তা ব্যাপক। তবে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একাধিক কেলেঙ্কারির কারণে জনসমর্থন হারিয়েছে।

বিশ্লেষকদের মতে, ভোটাররা তাকাইচিকে ব্যক্তিগতভাবে পছন্দ করলেও তার দলকে কতটা সমর্থন দেবে—তা এখনও অনিশ্চিত। জনমত জরিপে দেখা গেছে, এলডিপি ও জাপান ইনোভেশন পার্টির জোট সংসদের নিম্নকক্ষের প্রায় ৩০০টি আসন পেতে পারে।

আজকের নির্বাচনে ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনা শেষ হতে সারারাত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংসদের ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯টি আসনে সরাসরি এবং বাকি ১৭৬টি আসনে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

উল্লেখ্য, ১৯৯০ সালের পর এই প্রথম ফেব্রুয়ারি মাসে জাপানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে জাপান সাগর উপকূলীয় এলাকায় তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বৈরি আবহাওয়ার প্রভাবে ভোটার উপস্থিতি কমে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রথমার্ধেই শেষ খেলা, ভিয়েতনামের কাছে নত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
প্রথমার্ধেই শেষ খেলা, ভিয়েতনামের কাছে নত বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে আত্মবিশ্বাস নিয়ে সিঙ্গাপুরকে মোকাবিলা করার প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে বৃহস্পতিবার হ্যানয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দল বুঝিয়ে দিল আন্তর্জাতিক ফুটবলে ভিয়েতনাম আর বাংলাদেশের ব্যবধান কতটা।

প্রথমার্ধেই করা তিন গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে স্বাগতিক ভিয়েতনাম। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর একাধিক সুযোগ পেলেও তিনটি আক্রমণ ক্রসবার ও পোস্টে লেগে ফিরে যায়।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মতো কোনো খেলাই দেখাতে পারেনি। চারটি পরিবর্তন—জামাল ভূঁইয়া, শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ঘোষ ও সুমন রেজাকে নামিয়েও কোনো সুফল পাননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। স্বাগতিকদের গোছানো ফুটবলের বিপরীতে বাংলাদেশের পরিকল্পনা কার্যকর হয়নি।

এই ম্যাচে ক্যাবরেরা একাদশে ৫ জন প্রবাসী খেলোয়াড় নিয়ে দল সাজান, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম। এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে চারজনের বেশি প্রবাসী খেলেননি।

মাঝমাঠে শামিত সোম কিছু নিখুঁত পাস দিলেও আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়। হামজা দেওয়ান চৌধুরী শেষদিকে রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে এলেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি। তার একটি শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার থেকে প্রথম গোলটি আসে। দো হোয়াংয়ের শট বাংলাদেশের খেলোয়াড় জায়ান আহমেদের গায়ে লেগে জালে জড়ায়।

১৮ মিনিটে ফ্রিকিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মান। ৩৮ মিনিটে হাইলং দুই ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোলটি করেন।

প্রথমার্ধে বাংলাদেশের পক্ষে ফয়সাল আহমেদ ফাহিমের একটি ভলি ভিয়েতনামের গোলরক্ষক রক্ষা করেন। এছাড়া সোহেল রানার একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

আগামীকাল (শুক্রবার) ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করবে তারা। যদিও বাংলাদেশ আগেই বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে, ফলে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

কোচ ক্যাবরেরার লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে মিশন শেষ করা। তবে ভিয়েতনামের বিপক্ষে দলের পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা অনেকটাই কমে গেছে।


হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসী-মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এবং বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও স্কাউট দলের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দিনব্যাপী আরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর মিলনমেলা

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর মিলনমেলা

কিশোরগঞ্জের হোসেনপুরে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব।

স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে, এবারের স্নানোৎসবের মহাষ্টমী তিথির লগ্ন শুরু হয় গত বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১৭ মিনিটে এবং শেষ হয় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৫৯ মিনিটে।

হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে এ অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, উপজেলা পরিষদ মাঠ, রামপুর বাজার ও কুলেশ্বরী বাড়ি দেবালয়সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এবার কয়েক লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হয়েছে।

অষ্টমী স্নানোৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ও সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল জানান, প্রতি বছরের মতো এবারও জাতি-ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসবটি নির্বিঘ্নে পালন করেছেন। স্বাধীনতা দিবসের আমেজে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

তারা আরও জানান, স্নানোৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, স্নানঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধীনে হলেও নিরাপত্তা নিশ্চিত করতে হোসেনপুর প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, অষ্টমী স্নানোৎসব উপলক্ষে হোসেনপুর ও পাগলা থানার পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফলে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ফলে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পেরেছেন।