হোসেনপুরে নির্বাচন প্রশিক্ষণ ইস্যু: আমন্ত্রণপত্র বাতিলের প্রতিবাদ
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য দেওয়া আমন্ত্রণপত্র দেওয়ার পরপরই বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়, হোসেনপুর সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ আসনের আওতাধীন হোসেনপুর উপজেলার হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয়জন সহকারী শিক্ষককে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে প্রশাসনিক কারণে সেই আমন্ত্রণপত্র বাতিল করা হয়। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।
বাতিল হওয়া শিক্ষকরা হলেন— মো. আমিনুল ইসলাম ভূঞা, মো. আজহারুল ইসলাম, মো. আয়নাল হক, মো. গোলাম হোসেন, মো. মিছবাহ উদ্দিন ও তবারুল ইসলাম ভূঞা। তারা সবাই হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানানো হয়, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এরই অংশ হিসেবে কিছু প্রশিক্ষণ আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রশিক্ষণ বাতিল হওয়া ছয় শিক্ষকের মধ্যে চারজন সহকারী প্রিজাইডিং অফিসার পদে পুনর্বহালের দাবিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।










