কটিয়াদীতে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গাংকুল পাড়া প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার আচমিতা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ৫০টির বেশি অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সংগঠনের এই মানবিক উদ্যোগ এলাকার নিম্নআয়ের মানুষের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ আলী উজ্জামান, মহসিন, শাহাদাত হোসেন বাবু, মনির আরাফাত, বোরহান উদ্দিন, মো. রাকিব, এনামুল হক নাঈম, মো. শহিদুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবকল্যাণমূলক উদ্যোগ। প্রবাসী ও স্থানীয় সদস্যদের সম্মিলিত সহযোগিতায় দীর্ঘদিন ধরে তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। পবিত্র রমজান মাসে যেন কোনো পরিবার খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
খাদ্যসামগ্রী গ্রহণকারী উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সহায়ক হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পবিত্র রমজানের শিক্ষা ও চেতনায় অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে গাংকুল পাড়া প্রবাসী মানব কল্যাণ সংগঠন, যা এলাকাবাসীর কাছে মানবিক অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।







