রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল আওয়াল বাচ্চুর শোকসভা অনুষ্ঠিত

আসাউজ্জামান জুয়েল প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল আওয়াল বাচ্চুর শোকসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মরহুম আব্দুল আওয়াল বাচ্চুকে স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি শহিদুল আলম, সিনিয়র আইনজীবী তারেক উদ্দিন আবাদ, আইনজীবী ফোরামের সভাপতি মো. মিজানুর রহমান, স্পেশাল পিপি অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক, সাবেক কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল আলম, অ্যাডভোকেট সায়েম মজুমদার, অ্যাডভোকেট লিটন হিলালী, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল এবং অ্যাডভোকেট সমরকান্তি প্রমুখ।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সহসভাপতি বদরুজ্জোহা বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতনের সঞ্চালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সিনিয়র সদস্যরা মরহুমের কর্মময় জীবন, সততা, নিষ্ঠা ও সংগঠনের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মরহুম আব্দুল আওয়াল বাচ্চু কিশোরগঞ্জ সদরের চরশোলাকিয়া নীলগঞ্জ রোডের বাসিন্দা ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সাতবার নির্বাচিত সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের আইনজীবী ও আইনজীবী সহকারী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

শোকসভায় উপস্থিত আইনজীবী ও আইনজীবী সহকারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনকারী যুবকের জেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনকারী যুবকের জেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে সোয়েব উদ্দিন শরীফ (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সোয়েব উদ্দিন শরীফ কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী গ্রামের আবদুল বারিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে শরীফ পাকুন্দিয়া উপজেলার ঠুটারজঙ্গল এলাকায় গাঁজা সেবন করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে গাঁজাসহ আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বাজিতপুরে খেলতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
বাজিতপুরে খেলতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কিশোরগঞ্জের বাজিতপুরে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার মিরারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— মিরারবন্দ এলাকার মো. সুজন মিয়ার তিন বছর বয়সী ছেলে তাহসিন মিয়া এবং একই এলাকার মো. শাউন মিয়ার সাড়ে তিন বছর বয়সী মেয়ে মাওয়া আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি বাড়ির সামনের খালের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের খাল থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাদের দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শহীদুল্লাহ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

স্থানীয়দের ভাষ্য, বাড়ির সামনের খালটি বর্ষা মৌসুমে পানিতে পূর্ণ থাকায় শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অসাবধানতাবশত পানিতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘিরে হামলার আশঙ্কা, প্রশাসনের সহযোগিতা চাইল এনসিপি

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘিরে হামলার আশঙ্কা, প্রশাসনের সহযোগিতা চাইল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিকে সামনে রেখে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে দলটির জেলা শাখা। সংবাদ সম্মেলনে নেতারা কর্মসূচির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) তাড়াইল, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তারা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

জেলা সদস্যসচিব আরিফুর রহমান বাবু বলেন, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার চেষ্টা হতে পারে। তাই শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে তিনি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামলার আশঙ্কার বিষয়ে আরিফুর রহমান বাবু বলেন, এ ঘটনায় ‘পতিত আওয়ামী লীগ’ জড়িত থাকতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এ সময় বক্তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ২৭ জুলাইয়ের ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41