কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে কুপিয়ে জখম, যুবক আটক
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মৌ আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীকে কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অষ্টগ্রাম উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত মৌ আক্তার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে অষ্টগ্রাম উপজেলা সদরের উত্তর হাঁটি গ্রামের মোহন মিয়ার মেয়ে।
অভিযুক্ত যুবকের নাম বিল্লাল হোসেন (২৩)। তিনি অষ্টগ্রাম উপজেলা সদরের আলমদিঘীর পাড় এলাকার বাসিন্দা এবং মেরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিফিনের সময় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেন অতর্কিতভাবে মৌ আক্তারের ওপর হামলা চালান। এ সময় হাতে থাকা কাঁচি দিয়ে তিনি তার গলায় আঘাত করেন। এতে ছাত্রীটির গলার একটি অংশ গুরুতরভাবে কেটে যায়।
ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







