কিশোরগঞ্জে রমজানে ১০ টাকায় দুধ বিক্রি করছে জেসি এগ্রো ফার্ম
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সময় সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক তখন কিশোরগঞ্জে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে জেসি এগ্রো ফার্ম। প্রতিষ্ঠানটি পুরো রমজান মাসজুড়ে মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করছে।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামে অবস্থিত এই খামার রমজানের প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করেছে। সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন ক্রেতা প্রতিদিন সর্বোচ্চ এক লিটার দুধ নিতে পারবেন। তবে দরিদ্রদের অগ্রাধিকার বেশি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) খামারে গিয়ে দেখা যায়, শতাধিক নারী-পুরুষ দুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে ১০ টাকা দিয়ে দুধ সংগ্রহ করছেন, আবার অনেককে বিনামূল্যেও দুধ দেওয়া হচ্ছে।
খামারের মালিক মো. এরশাদ উদ্দিন জানিয়েছেন, ছয় বছর আগে তিনি রৌহা গ্রামে জেসি এগ্রো ফার্ম স্থাপন করেন। বর্তমানে খামারে শতাধিক গরু পালন করা হচ্ছে। এর মধ্যে উন্নতজাতের ১৮টি গাভি প্রতিদিন ১০০–১২০ লিটার দুধ উৎপাদন করছে। উৎপাদিত দুধের পুরো অংশই রমজানের মাসে সাধারণ মানুষের মাঝে স্বল্পমূল্যে বিতরণ করা হবে।
মো. এরশাদ উদ্দিন আরও বলেন, রোজাদারদের স্বল্পমূল্যে দুধ পৌঁছে দেয়ার জন্য এ কার্যক্রম চালানো হচ্ছে। ২০২৪ সালে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগের জন্য তাকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’ দেওয়া হয়েছিল। আগামীতেও এই উদ্যোগ অব্যাহত রাখবেন তিনি।







