মক্কায় পাঁচতলা ভবন থেকে পড়ে কটিয়াদীর প্রবাসী যুবকের মৃত্যু
সৌদি আরবের মক্কা শহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হৃদয় মিয়া (২২) নামে এক প্রবাসী যুবক। বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র ছেলে।
নিহতের মামা মনির ফরাজী জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে এক বছর আগে হৃদয় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে পাঁচতলা ভবনের ছাদে রড বাইন্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাহ মিয়া মোবাইল ফোনে মৃত্যুসংবাদটি বাড়িতে জানান।
হৃদয় মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠেছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array