কারাগার থেকে জানাজায়: বাবার লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন ছাত্রলীগ কর্মী বাদশা
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেরচর এলাকার দুলাল মিয়ার ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ওয়াজেদ হোসেন বাদশা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাবার মৃত্যুসংবাদ পেয়ে তিনি কারাগার থেকে সাময়িক মুক্তির অনুমতি নিয়ে নিজ এলাকায় আসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কাছে আবেদন করার পর বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে যাওয়ার অনুমতি পান বাদশা।
স্থানীয় সূত্রে জানা যায়, জানাজার নামাজে অংশ নেওয়ার সময় বাবাকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর এই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত মুসল্লিদেরও আবেগাপ্লুত করে তোলে।
এ সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাঁকে সান্ত্বনা দেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম দুলাল মিয়ার দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হয়।







