কুলিয়ারচরে চুরি যাওয়া গরুসহ দুই চোর আটক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি যাওয়া একটি লাল রঙের বকনা গরুসহ দুই গরু চোরকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা আরিফ (৫৪) গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে তাঁর বসতঘর-সংলগ্ন গোয়ালঘরে দুটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি চুরি হয়েছে।
পরে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে খবর পাওয়া যায়, কুলিয়ারচর পৌরসভার মানিকদী ব্রিজের কুলিয়ারচর অংশে আতশ আলীর অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর স্থানীয় লোকজন চুরি যাওয়া গরুসহ একজনকে আটক করে রেখেছেন।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্ব গাইলকাটা মহল্লার মৃত গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম বাবু ওরফে সজীব (২৭)-কে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুলিয়ারচর বাজারের ব্যাপারীপাড়া মহল্লার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. নূরে আলম (২৪)-কে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও তিন থেকে চারজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধার করা গরুটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। গরুটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”










