হোসেনপুরে বাড়িঘরে হামলা ও চুরির মামলার প্রধান আসামি কারাগারে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, চুরি ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. খায়রুল ইসলাম (৩৫)কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি পোল্যান্ডপ্রবাসী আসাদুজ্জামান কিরণ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ খায়রুল-নজরুল গংদের সঙ্গে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। এ সময় খায়রুলের নির্দেশে মামলার অন্যান্য আসামিরা প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারামারি চালায়। এতে এক বৃদ্ধা গুরুতর আহত হন। এ সময় বাড়ি থেকে চুরি ও বিভিন্ন জিনিসপত্রের ক্ষতিসাধনের অভিযোগও ওঠে।
এ ঘটনায় গত ৫ মার্চ প্রবাসীর বড় বোন আনুরা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ধারা হলো—৪৪৭/৪৪৮/১১৪/৩০৭/৩২৬/৩২৩/৩৮০/৪২৭/৫০৬।
পরে সোমবার (৯ মার্চ) কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আত্মসমর্পণ করলে বিচারক খায়রুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারিস উদ্দিন ভূঁইয়া দুদু জানান, মামলায় দণ্ডবিধির ৩২৬ ধারার অভিযোগ থাকায় আদালত প্রধান আসামি খায়রুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অন্যান্য আসামিদের জামিন মঞ্জুর করেন।




