কিশোরগঞ্জ টিটিসিতে তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক
কিশোরগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে তাকামুল (Takamol) সার্টিফিকেট পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে গিয়ে ফোরকান নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ফোরকান ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-এর বাসিন্দা।
রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থী সুজন ভূইয়া নামে (পাসপোর্ট নং A21347577) প্রক্সি দিতে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন ফোরকান। পরীক্ষার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পরিচয় যাচাই করলে বিষয়টি ধরা পড়ে।
পরবর্তীতে তাকে আটক করে কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে টিটিসির অধ্যক্ষ জাভেদ রহিম বলেন, কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সৌদি আরবগামী SVP (তাকামুল) কর্মসূচির আওতায় ‘লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার’ ও ‘প্যাকিং দ্য শেলফ’—এই দুটি অকুপেশনে প্রতিদিন প্রায় ৬০ জন পরীক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসেন।
তিনি আরও বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে একদল দালাল বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। শুরু থেকেই কিশোরগঞ্জ টিটিসির সব কার্যক্রম দালাল ও হয়রানিমুক্ত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করে আসছি। এ কাজে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ সার্বিক সহযোগিতা করে আসছে। আজকের ঘটনার মাধ্যমে দালাল ও অনৈতিক সুবিধাভোগীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জ টিটিসিকে দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
তাকামুল (Takamol) সার্টিফিকেট হলো সৌদি আরবে কাজের জন্য বাধ্যতামূলক স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (SVP) বা পেশাগত দক্ষতা যাচাইয়ের সরকারি সনদ। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডারসহ বিভিন্ন ব্লু-কলার পেশার শ্রমিকদের ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য এই দক্ষতা সনদ অর্জন করা জরুরি। অনুমোদিত কেন্দ্র বা অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে এই সনদ সংগ্রহ করা যায়।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




