ভুয়া সংবাদের প্রতিবাদ জানালেন কর্শাকড়িয়াইল বিএনপির সভাপতি আব্দুস সাত্তার
দৈনিক কিশোরগঞ্জ বুলেটিন-এর ফেসবুক পেইজে বৃহস্পতিবার(১৯ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে প্রকাশিত
“কর্শাকড়িয়াইল ইউনিয়নে চেয়ারম্যান দিচ্ছেন মাপে কম আর নেতারা চাটছেন ভিন্ন সিস্টেমে” শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সাত্তার।
এক লিখিত বিবৃতিতে তিনি জানান, প্রকাশিত সংবাদে তার ছবি ব্যবহার করে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ভিজিএফ কার্ড বিতরণের সময় তিনি কোনো কার্ড চেয়ারম্যান বা প্রশাসনের কোনো মাধ্যম থেকে গ্রহণ করেননি। ফলে কার্ড বিতরণ, তছরুপ বা কোনো ধরনের অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না।
তিনি আরও উল্লেখ করেন, তার বাইরে কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সরকারসহ অন্য কোনো সদস্য কার্ড গ্রহণ করেছেন কি না বা তারা কোনো অনিয়মে জড়িত কিনা—এ বিষয়ে তার জানা নেই। সুতরাং এ ধরনের ঘটনায় তার ওপর কোনো দায় বর্তায় না।
আব্দুস সাত্তার বলেন, তার ছবি ব্যবহার করে এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজন হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি সকলকে গুজবে কান না দেওয়ার এবং অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও অনলাইন পেইজগুলোকে অবিলম্বে ভুয়া সংবাদটি অপসারণ ও সংশোধনের দাবি জানান। অন্যথায়, বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।







