কিশোরগঞ্জে গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহান গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৫ মার্চের কালরাত্রির নির্মমতা এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানু।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার কথা তুলে ধরে বলেন, এই দিনটি জাতির জন্য এক বেদনাবিধুর স্মৃতি। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




