হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী-মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, জুলাই যোদ্ধা মো. আল আমিন ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




