আচমিতা কলি ক্রীড়া চক্রের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে কিশোরগঞ্জের আচমিতা কলি ক্রীড়া চক্রের উদ্যোগে পুস্তক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী ও তরুণদের মাঝে শিক্ষামূলক বিভিন্ন বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুর রহমান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক আলীজ্জামান মহসিন এবং সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই এমন দিনে পুস্তক প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করার মাধ্যমে জ্ঞানচর্চা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।




