পাকুন্দিয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার মাইজহাটি এলাকার বাবর আলী মার্কেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির পুলেরঘাট (কালিয়াচাপড়া) বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




