রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থই সবার আগে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থই সবার আগে: শামা ওবায়েদ

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ এবং ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক অংশীদারত্বকে অগ্রাধিকার দেওয়ার নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। এ নীতির মূল লক্ষ্য জনগণকেন্দ্রিক কূটনীতি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, অন্য কোনো দেশের জনগণ বা সরকারের স্বার্থ বিবেচনার আগে বাংলাদেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটাই বর্তমান পররাষ্ট্রনীতির মূল পার্থক্য।

তিনি বলেন, ‘আমরা আমাদের জনগণকে এবং জাতীয় স্বার্থকে সবার আগে রাখছি।’

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও এ দেশের জনগণের স্বার্থই ছিল কেন্দ্রীয় বিবেচ্য বিষয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী ভূরাজনৈতিক বলয়ের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ তার স্বাধীন কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে চায়। ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশ একা নয়; বরং জাতীয় স্বার্থের সঙ্গে আপস না করে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোই এ নীতির লক্ষ্য।

শামা ওবায়েদ বলেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সদস্যদের সঙ্গে ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমরা সব অংশীজন, উন্নয়ন সহযোগী ও বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।’

এ নীতিকে বাস্তববাদী ও বাস্তবভিত্তিক আখ্যা দিয়ে শামা বলেন, বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের কৌশলগত অবস্থান অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘আমাদের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন, উৎপাদনকেন্দ্র প্রয়োজন, প্রযুক্তির ব্যাপক বিকাশ প্রয়োজন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

বিভিন্ন ভূরাজনৈতিক উদ্যোগের মধ্যে বাংলাদেশ কীভাবে ভারসাম্য বজায় রাখবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জন্য কী ধরনের সুফল বয়ে আনবে, তার ভিত্তিতেই প্রতিটি অংশীদারত্ব মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য কোনো সুবিধা বয়ে আনলে আমরা যেকোনো বহুপক্ষীয় ফোরামে যোগ দেব। বিষয়টি খুবই সহজ।’

ইন্দো-প্যাসিফিক উদ্যোগ এবং ব্রিকস, সার্ক ও বিমসটেকের মতো বহুপক্ষীয় জোট ও আঞ্চলিক কাঠামোর প্রসঙ্গ তুলে ধরে শামা বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ পরস্পরবিরোধী হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমি এখানে কোনো বিরোধ দেখি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতিতে কথিত অধীনতামূলক প্রবণতা থেকে সরে আসার উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন।

২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, আগের সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল, যা কখনো কখনো বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এ নীতি থাকলেও বাস্তবে আগের সরকার অধীনতামূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে বলে তাঁর অভিযোগ।

আনোয়ারুল্লাহ চৌধুরীর অভিযোগ, বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত না করেই আওয়ামী লীগ সরকার ভারতকে ট্রানজিট-সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ছাড় দিয়েছিল।

এর বিপরীতে বিএনপি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি সার্বভৌমত্ব, সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করেছে বলে মনে করেন তিনি।

আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ফার্স্টের অর্থ হলো, অন্য সবকিছুর আগে বাংলাদেশের জাতীয় স্বার্থকে স্থান দিতে হবে।’

তিনি বলেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তবে কোনো দেশের অধীনস্থ অবস্থান গ্রহণ করা যাবে না।

তিনি বলেন, ‘আমাদের নীতি হওয়া উচিত—বন্ধু চাই, প্রভু নয়।’

সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, অন্য কোনো দেশ যত বড় বা শক্তিশালীই হোক না কেন, সেটি বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু প্রভু হতে পারে না।

সমমর্যাদার ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে সরকার সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন তিনি। পারস্পরিক সুবিধাভিত্তিক সম্পর্কের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরকালে কূটনৈতিক যোগাযোগের কথা উল্লেখ করেন তিনি।

আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিকেই এগোচ্ছে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।’

তবে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক মেরুকরণের মধ্যে বাংলাদেশকে সামরিক জোটে যোগ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সামরিক জোটে যোগ দেওয়া এড়িয়ে চলা উচিত। তবে অর্থনৈতিক চুক্তি ও অংশীদারত্বের ক্ষেত্রে আমরা অবশ্যই অংশ নিতে পারি।’

তিনি অর্থনৈতিক কূটনীতি সম্প্রসারণ, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন।

নিজের কূটনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শাকসবজি ও মাছের বিদেশে যথেষ্ট চাহিদা রয়েছে। ফলে প্রচলিত রপ্তানি খাতের বাইরেও নতুন বাজার সৃষ্টির সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক কূটনীতি সম্প্রসারণ করতে হবে।’

সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কার্যকারিতা শেষ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ শক্তি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং কূটনৈতিক দর-কষাকষির ক্ষমতার ওপর নির্ভর করবে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি হুমায়ুন কবির বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য রাজনৈতিক ও সামাজিক সংহতি, কার্যকর সুশাসন এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি প্রয়োজন।

তিনি বলেন, ‘বাইরের বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের খুবই সীমিত। তবে নিজেদের অভ্যন্তরীণ শক্তির ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।’

স্বাধীন পররাষ্ট্রনীতি কার্যকর করার জন্য তিনটি বিষয়কে অপরিহার্য বলে উল্লেখ করেন এই সাবেক কূটনীতিক। এগুলো হলো জাতীয় শক্তির সংহতি, বাংলাদেশের প্রয়োজনের বস্তুনিষ্ঠ মূল্যায়ন এবং বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বী স্বার্থ সামলানোর কূটনৈতিক দক্ষতা।

তিনি বলেন, রাজনৈতিক আবেগের বশবর্তী না হয়ে কোন দেশের কাছ থেকে বাংলাদেশ কী প্রত্যাশা করে, তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।

হুমায়ুন কবির বলেন, ‘এ ধরনের মূল্যায়নে আবেগ বা আবেগপ্রবণতার কোনো স্থান নেই। আমাদের বৈদেশিক সম্পর্ক পরিচালিত হতে হবে নিজেদের প্রয়োজনের ভিত্তিতে।’

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করাকে সরকারের আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘সার্ককে কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, কী ধরনের নীতি নেওয়া যেতে পারে এবং কী রোডম্যাপ গ্রহণ করা যায়—তা নিয়ে আমরা সার্কের সব দেশের সঙ্গে আলোচনা করছি।’

শামা জানান, সার্ক পুনরুজ্জীবনের একটি রোডম্যাপ তৈরি করে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নে সার্ক ও বিমসটেক—উভয় সংস্থাকেই ভূমিকা রাখতে দেখতে চায় বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, ‘দুটি সংস্থাই পাশাপাশি কাজ করতে পারে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, কোনো নির্দিষ্ট দেশ বা ভূরাজনৈতিক বলয়ের সঙ্গে এককভাবে নিজেদের সম্পৃক্ত করার চাপের কাছে নতি স্বীকার না করে বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতেই সরকারের কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ভৈরবে চাঁদা নিয়ে বিরোধ, দুই কারখানা মালিককে কুপিয়ে জখম

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
ভৈরবে চাঁদা নিয়ে বিরোধ, দুই কারখানা মালিককে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের ভৈরবে চাঁদা না পেয়ে একটি কারখানার দুই মালিককে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চণ্ডিবের এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে নুরুল হক (৪৫) ও তাঁর ছোট ভাই মাসুদ রানা (৪০)। তাঁরা ওই এলাকায় অবস্থিত খাঁজা স্টিল ইন্ডাস্ট্রিজের মালিক। কারখানাটিতে গুনা (তার) উৎপাদন করা হয়। আহত নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ভাই মাসুদ রানা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত নুরুল হকের অভিযোগ, কয়েক বছর আগে তাঁরা দুই ভাই মিলে খাঁজা স্টিল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। কারখানাটি লাভজনক হওয়ার পর থেকে স্থানীয় মোহাম্মদ আলী ও তাঁর ছেলেসহ কয়েকজন তাঁদের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিলেন। প্রথম দিকে ভয়ে তাঁরা মাঝেমধ্যে চাঁদা দিলেও পরে বড় অঙ্কের টাকা দাবি করায় তা দিতে অস্বীকৃতি জানান।

নুরুল হক বলেন, রোববার দুপুরে তাঁরা দুই ভাই কারখানা থেকে ১৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলেন। এ সময় মোহাম্মদ আলী, তাঁর ছেলেসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। হামলায় তাঁদের হাত-পায়ে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

পরে স্বজনেরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। তাঁর ভাই মাসুদ রানাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের ভগ্নিপতি মো. রবিন মোল্লা বলেন, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে তাঁর শ্যালকদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রোববার দুপুরে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবদুল করিম বলেন, আহত দুই ভাইয়েরই হাত-পায়ে গুরুতর আঘাত রয়েছে। নুরুল হকের দুই পায়ের মধ্যে একটি ভেঙে গেছে। তাঁর অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে, মাসুদ রানাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত মোহাম্মদ আলী ও তাঁর সহযোগীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আসিবুর রহমান বলেন, খবর পেয়ে ওসির নির্দেশে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজা উপলক্ষে কটিয়াদীতে অসচ্ছল সনাতন পরিবারকে শাড়ি উপহার

মাইনুল হক মেনু প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
দুর্গাপূজা উপলক্ষে কটিয়াদীতে অসচ্ছল সনাতন পরিবারকে শাড়ি উপহার

শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বী ২০০টি অসচ্ছল পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৪৬টি পূজামণ্ডপের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর কাছে এসব শাড়ি পৌঁছে দেওয়া হয়।

রোববার বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদের হলরুমে এ শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনি আক্তার তারানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব বিপ্লব চন্দ্র রায় নিমাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ অতিথিরা অসচ্ছল পরিবারের জন্য বরাদ্দ করা শাড়ি বিতরণ করেন। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার ৪৬টি পূজামণ্ডপের মাধ্যমে মোট ২০০টি পরিবারের জন্য ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের আগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় পর্যায়ে পূজামণ্ডপের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবার এ কর্মসূচির আওতায় এসেছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কিশোরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে জেলা পরিষদের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে জেলা পরিষদের চেক বিতরণ

শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে পূজা উদযাপনকারী আয়োজকদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর অনুকূলে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
কিশোরগঞ্জ জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমানসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় পূজা মণ্ডপগুলোর অনুকূলে আর্থিক অনুদানের চেক সংশ্লিষ্ট আয়োজকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের এ অনুদান দুর্গাপূজা আয়োজনের বিভিন্ন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উৎসবের সার্বিক পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের বিষয়ে অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।