দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ছুটি পাবেন না যারা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার (২০ অক্টোবর)। আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি চলবে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময়ে সরকারি ছুটির আওতায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।
ছুটির আগে সোমবার (১৯ অক্টোবর) শেষ কর্মদিবস। টানা পাঁচ দিনের ছুটি উপলক্ষে সোমবার বিকেল থেকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে দুই দিনের সাপ্তাহিক ছুটি। ছুটি সমন্বয়ের অংশ হিসেবে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দেয়। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
ছুটি পাবেন না যারা
জরুরি পরিষেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
হাসপাতাল ও চিকিৎসাসেবা: হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও এ ছুটির আওতায় পড়বেন না।
জরুরি দাপ্তরিক কার্যক্রম: জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।
ব্যাংক ও আদালত: ব্যাংকের কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা: বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।










Disqus comments are not configured yet.