‘বিরোধী দল জুলাইকে ধারণ করে না’, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধীদলীয় নেতা যোগ দেননি বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। তারা আগের অবস্থায় ফিরে এসেছে।’
তারেক রহমান বলেন, ‘বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। তারা অবশ্যই সরকারের বিরোধিতা করবে। তবে তা হওয়া উচিত গঠনমূলক। সব বিষয়ে একমত না হতে পারলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসতে আপত্তি থাকে, তাহলে চাইলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও বসতে পারতেন। অথচ জনগণের ভোটের কারণেই আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের আগে নিশ্চয়ই বর্তমান বিরোধী দল জনগণের কাছে গিয়েছে। আমরাও গিয়েছি। জনগণই সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবেন। সে অনুযায়ী তারা হয়তো বিএনপিকে সরকারে বসিয়েছে। আবার বিরোধী দলকেও সেভাবে সমর্থন দিয়েছে। আমরা মনে করি, আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ’৭১ এবং ’২৪-এর জুলাই আন্দোলন। দুই আন্দোলনের লক্ষ্য একই ছিল।’
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার জন্য বেছে নিয়েছে। আগামী পাঁচ বছর তারাই দেশ পরিচালনা করবে।’










Disqus comments are not configured yet.