পে ফিক্সেশনের শেষ দিন আজ, যেসব তথ্য যাচাই জরুরি
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শেষ করার কথা রয়েছে।
গত ৫ অক্টোবর পে ফিক্সেশন কার্যক্রম শুরু হয়। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণের কাজ শেষ হলে অক্টোবরের বেতন পরিশোধের সময় বাড়তি অর্থ দেওয়া হবে।
এদিকে সরকারি চাকরিজীবীরা চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন বেতনকাঠামো অনুযায়ী বাড়তি মূল বেতন ও বকেয়া অর্থ পেতে যাচ্ছেন। তবে আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ছে না।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে দেওয়া হবে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে আগের ভিত্তি বহাল রাখা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রক্রিয়াটি ‘পে ফিক্সেশন’ নামে পরিচিত। আইবাস++-এর পে ফিক্সেশন মডিউলে নতুন বেতন নির্ধারণ করা হবে। এ জন্য চাকরিজীবীদের পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত তথ্য দিতে হবে।
প্রথমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে। পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করতে হবে।
নতুন কাঠামো অনুযায়ী কার মূল বেতন কত হবে, তা বেতন নির্ধারণের মাধ্যমেই ঠিক হবে। আগের মূল বেতন ও নতুন নির্ধারিত মূল বেতনের পার্থক্য, পদবি, গ্রেড এবং নতুন বেতন স্কেল কার্যকরের তারিখের ভিত্তিতে বকেয়ার পরিমাণ হিসাব করা হবে।
অর্থ বিভাগের সূত্র জানায়, নতুন স্কেলে বেতন নির্ধারণের কাজ শেষ হওয়ার পর বকেয়া বা এরিয়ার বাবদ তিন মাসের টাকা একসঙ্গে পরিশোধ করবে সরকার। তবে গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারিত বেতন এবং বেতন কার্যকরের তারিখের ভিত্তিতে চাকরিজীবীদের বকেয়ার পরিমাণ ভিন্ন হবে।
কোনো কর্মচারীর পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সংশ্লিষ্ট তথ্যও দিতে হবে। এসব তথ্যের সমর্থনে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে।
পে ফিক্সেশন সম্পন্ন করার ক্ষেত্রে নাম, এনআইডি, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করা জরুরি। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে। এ জন্য আইবাস++-এ নিবন্ধিত মোবাইল নম্বর সচল রাখতে হবে। পাশাপাশি চাকরির নথিতে থাকা এনআইডি, জন্মতারিখ ও অন্যান্য তথ্যের সঙ্গে দেওয়া তথ্যের মিল নিশ্চিত করতে হবে।










Disqus comments are not configured yet.