ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে হালকা কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে মাত্রা জানা না গেলেও পরে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করে যে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপকেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় ২৮ কিলোমিটার উত্তর–পূর্বে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার। পরেরটি রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৪। সর্বশেষ কম্পনটি ছিল বিকেল ৪টা ১৫ মিনিটে, যার মাত্রা ৩.৬। মোটামুটি সবগুলোই ছিল স্বল্প বা মাঝারি মাত্রার ভূমিকম্প।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হন। সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয় নরসিংদীতে। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন, কিছু ভবন হেলে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়।







