দিনদুপুরে সরকারি গাছ কেটে উজাড়, মিঠামইনে ক্ষোভের স্রোত
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দিনদুপুরে সরকারি সড়কের পাশে ২০টি গাছ কেটে উজাড় করার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেড়িবাঁধের পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা সরকারি গাছগুলো হঠাৎ করেই কেটে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে শ্রমিক নিয়ে করাত দিয়ে গাছ কাটা হলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো তদারকি ছিল না। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সরকারি সম্পদ লুটের আশঙ্কাও দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল প্রশাসনের নীরবতাকে কাজে লাগিয়ে গাছগুলো কেটে নিয়েছে। তারা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রভাবশালীদের ভয়ে কেউই ক্যামেরার সামনে কথা বলতে চাননি।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, “সরকারি গাছ কাটার বিষয়টি আমার জানা ছিল না। পরবর্তীতে খবর পেয়ে স-মিল থেকে ১০টি গাছ জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয় পরিবেশ সচেতনরা বলছেন, সরকারি গাছ জনগণের সম্পদ। এভাবে দিনের আলোতে গাছ কেটে নেওয়া প্রশাসনিক তদারকির ঘাটতির প্রমাণ। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।



