নিকলীতে নিখোঁজের সাত দিন পর প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের সাত দিন পর হাছমা বেগম (৩৯) নামে এক প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত হাছমা বেগম দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। তিনি অবিবাহিত ও বাকপ্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি থেকে হাছমা বেগম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ওই দিনই তার পরিবারের পক্ষ থেকে নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধকতার কারণে তিনি ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array