হোসেনপুরের উত্তর পানানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর পানান এলাকায় মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৪টায় স্থানীয় তানযিমুল আতফাল মাদরাসা প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়, যা সঞ্চালনা করেন মাওলানা শামসুর রহমান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার সমাজের নৈতিক ও পারিবারিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ভয়াবহ প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
বক্তারা আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। এজন্য স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, হোসেনপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুছলেহ উদ্দিন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম এরশাদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ মাওলানা আনোয়ার শাহ হোসেনপুরী, মো. আলমগীর হোসেন ও সজিব মিয়া প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও জুয়ার বিস্তার রোধে স্থানীয়ভাবে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের সহায়তা এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এলাকাবাসীর পক্ষে মো. নজরুল ইসলাম বলেন, উত্তর পানান এলাকায় মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে শিগগিরই কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।



