মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আগে বন্ধুর উপহার, পরে প্রচার জামায়াতের- সেলাই মেশিন ফেরত বিএনপি নেতার স্ত্রীর

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আগে বন্ধুর উপহার, পরে প্রচার জামায়াতের- সেলাই মেশিন ফেরত বিএনপি নেতার স্ত্রীর

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রী ঝুমা আক্তারকে দেওয়া জামায়াতের একটি সেলাই মেশিন ফেরত নেওয়া হয়েছে। সেলাই মেশিনটি স্বামীর বন্ধু ব্যক্তিগতভাবে উপহার দিয়েছেন বলে জানতেন ঝুমা আক্তার। পরে এটি জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানতে পারেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে ঝুমা আক্তারের বাড়ি থেকে সেলাই মেশিনটি ফেরত নেন ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী। এ সময় বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝুমা আক্তারের দাবি, সেলাই মেশিনটি দেওয়ার সময় ইদ্রিস আলী তাঁকে এটি তাঁর ব্যক্তিগত উপহার বলে জানিয়েছিলেন। পরে বিভিন্ন গণমাধ্যমে জামায়াতের পক্ষ থেকে বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দেওয়ার খবর প্রকাশিত হলে তিনি বিষয়টি জানতে পারেন। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঝুমা আক্তার বলেন, “আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমিও বিএনপি পরিবারের সদস্য। সেলাই মেশিনটি যে জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা আমি জানতাম না। আমি জানতাম, আমার স্বামীর বন্ধু ইদ্রিস আলী এটি ব্যক্তিগতভাবে উপহার দিয়েছেন। মেশিনটি দেওয়ার আগে তিনি আমাকে সেটি তাঁর ব্যক্তিগত উপহার বলেই জানিয়েছিলেন।”
তিনি আরও বলেন, কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী বলেন, প্রয়াত বিএনপি নেতা সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল। কয়েকটি গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এতে পরিবারটি ব্যক্তিগতভাবে বিব্রত হয়েছে। পরিবারের পক্ষ থেকে সেলাই মেশিনটি ফেরত দেওয়া হয়েছে। তাই তিনি সেটি ফেরত নিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। পরিবারের জীবিকা নির্বাহ ও সংকট মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা, গভীর নলকূপ ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া, তাঁদের জন্য একটি ঘর নির্মাণের সামগ্রী দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে বনগ্রাম ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ঝুমা আক্তারকে সেলাই মেশিনটি দেওয়া হয়। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সেলাই মেশিনটি ফেরত নেওয়া হয়।

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেন। এর ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও কোটা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে।

তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ধর্মমন্ত্রী জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের প্রতি আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর হজযাত্রীর সংখ্যা আরও বাড়ার সুযোগ তৈরি হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার জন্য ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে। সদস্যসচিব করা হয়েছে সদস্যসচিব আখতার হোসেনকে।

সোমবার (৯ নভেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির ঢাকা মহানগর উত্তর অংশে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণ অংশে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।

ঢাকা বিভাগ উত্তর অংশে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণ অংশে রয়েছেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।

চট্টগ্রাম বিভাগ উত্তর অংশে রয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণ অংশে রয়েছেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

রাজশাহী বিভাগে কমিটির সদস্য করা হয়েছে ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এসএম সাইফ মুস্তাফিজকে। খুলনা বিভাগে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

রংপুর বিভাগে রয়েছেন মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন। ময়মনসিংহ বিভাগে রয়েছেন আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান।

এ ছাড়া সিলেট বিভাগে রয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এবং দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।