মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চালাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চালাব

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি। তবে তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক। এ সময় গত ১৭ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার ঘণ্টিঘরে মাদকবিরোধী অভিযান চালানোর বিস্তারিত তুলে ধরেন তিনি। অভিযানে নিজের হাতে আগ্নেয়াস্ত্র রাখার কারণ, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি এবং অভিযান নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কেও বক্তব্য দেন ইশরাক।
সংবাদ সম্মেলনে ইশরাকের কর্মী-সমর্থকদের স্লোগান ও অবস্থানকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে।
ইশরাক বলেন, মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, অভিযানের মূল উদ্দেশ্য মাদক নির্মূল হলেও সংবাদ প্রকাশের ক্ষেত্রে অস্ত্র হাতে তাঁর উপস্থিতিই বেশি গুরুত্ব পেয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে জানান, এ পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ড আড়ালে পড়ে যাচ্ছে এবং দলও বিব্রত হচ্ছে বলে তিনি মনে করছেন। এ কারণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। ইশরাকের ভাষ্য, প্রধানমন্ত্রী তাঁকে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যেতে এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করতে বলেছেন। সোমবারের সংবাদ সম্মেলনে তিনি আবারও জানান, প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
ইশরাক বলেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ঘণ্টিঘর এলাকার মাদক সমস্যা সমাধানে তিনি একাধিকবার পুলিশের সঙ্গে আলোচনা করেছেন। ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক বৈঠকেও বিষয়টি উত্থাপন করা হয়েছে। তাঁর দাবি, ওই এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তিনি অভিযানে অংশ নেন।
ইশরাক জানান, ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবও এসেছিল। এ বিষয়ে তিনি আধা-সরকারি পত্রের (ডিও লেটার) মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন। ফাঁড়ি স্থাপনের জন্য জায়গা নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার পরও সেটি বাস্তবায়িত হয়নি বলে জানান তিনি। তিনি আরও বলেন, গত ১৮ সেপ্টেম্বর তাঁর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সর্বশেষ বৈঠকে ঘণ্টিঘর এলাকার মাদক সমস্যা নিয়ে আলোচনা হয়। পুলিশের জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এলাকাবাসী ও পুলিশকে সঙ্গে করে সামাজিক আন্দোলনের মাধ্যমে পর্যায়ক্রমে এলাকাটি মাদকমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইশরাকের ভাষ্য, গত ১২ আগস্ট ওই এলাকায় মাদকের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হন বলে তাঁরা জানতে পারেন। এ ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযানের সময় সতর্কতা অবলম্বন করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
অভিযানের সময় নিজের হাতে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে ইশরাক বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাঁর বৈধ লাইসেন্স করা একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। অভিযানের সময় সরকারের দেওয়া নিরাপত্তাকর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন। তাঁর দাবি, অভিযানের স্থানে প্রবেশের পর ২৫ থেকে ৩০ জনের একটি দলকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তখন আত্মরক্ষার প্রয়োজনে তিনি নিজের লাইসেন্স করা অস্ত্র হাতে নেন। ইশরাক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁর হাতে অস্ত্র দেখা গেলেও পরে তিনি সেটি পকেটে রেখে দেন। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে তাঁরা পায়ে হেঁটে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় গেন্ডারিয়া থানার পুলিশকে বিষয়টি জানানো হয় এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান বলে জানান তিনি।
ইশরাকের দাবি, অভিযানের সময় কয়েকটি ভবনে তল্লাশি চালিয়ে চুরি বা ছিনতাই করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে—এমন অনেক মোবাইল ফোন, স্কুলব্যাগভর্তি মোবাইল ফোন, প্রায় ৩০০ গ্রাম হেরোইনের প্যাকেট, কয়েক বোতল মদ এবং চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর ভাষ্য, পুলিশের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয়েছে। সেখানে থাকা ব্যক্তিরা বাড়ির মালিকানা এবং উদ্ধার হওয়া জিনিসপত্রের উৎস সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে দাবি করেন তিনি।
ইশরাক বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের হাতে তুলে দেওয়া এবং আদালতের মাধ্যমে তাঁদের বিচার নিশ্চিত করা। অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়। পরে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত অস্থায়ী স্থাপনাগুলো তাঁর সঙ্গে থাকা স্বেচ্ছাসেবকেরা ভেঙে দেন বলে জানান তিনি। এ ঘটনায় ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় বলে দাবি করেন ইশরাক। উদ্ধার হওয়া আলামতও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ইশরাক বলেন, অভিযানের মূল উদ্দেশ্য ছিল মাদক নির্মূল করা। কিন্তু গণমাধ্যমের একটি অংশ অস্ত্র হাতে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করায় মাদকবিরোধী কার্যক্রমের মূল উদ্দেশ্য আড়ালে পড়ে গেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘যুদ্ধটা তো মাদকের বিরুদ্ধে। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, দলীয় কোনো স্বার্থ নেই, রাজনৈতিক কোনো স্বার্থ নেই।’
ইশরাকের দাবি, ঘণ্টিঘর এলাকায় শুধু মাদক সেবন নয়, মাদক সরবরাহের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে। ফজলুল হক মহিলা কলেজ, গেন্ডারিয়া কলেজ ও মনিজা রহমান কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক সরবরাহের অভিযোগও স্থানীয় বাসিন্দারা তাঁকে জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ইশরাক বলেন, মাদকের মূল সরবরাহকারীদের চিহ্নিত করা ছাড়া এ সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। শুধু রাস্তার পর্যায়ের বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে স্থায়ী সমাধান হবে না। এ জন্য মাদকের মূল সরবরাহকারী ও নেটওয়ার্কের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সবার সহযোগিতা চান তিনি।
অভিযানের মাধ্যমে কারও ক্ষতি হয়ে থাকলে বা কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন ইশরাক। তবে নিজের নিরাপত্তার প্রয়োজনে যতটুকু সময় দরকার ছিল, ততটুকু সময়ই অস্ত্র হাতে রেখেছিলেন বলে দাবি করেন তিনি। এ ক্ষেত্রে কোনো ভুল করেননি বলেও দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইশরাক।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ইশরাক বলেন, মাদকবিরোধী লড়াই দীর্ঘমেয়াদি। এ লড়াই চালিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ১১২ জন বাংলাদেশি বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্র্যাকটিক্যাল ও মৌখিক সাক্ষাৎকার নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনায়তনে উপস্থিত হতে বলা হয়েছে। ঠিকানা: ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে নিজের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র, মূল পাসপোর্ট এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

মূল পাসপোর্ট ছাড়া কোনো প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে না। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারস্থলে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে না।

এ ছাড়া প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বোয়েসেল।

যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের দুই দিনের শান্তি আলোচনা শুরুর আগে তাঁদের মধ্যে এ যোগাযোগ হয়।

ফোনালাপে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার শস্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, খাদ্য করিডর গঠনে মধ্যস্থতার বিষয়ে ভারত প্রস্তুতির কথা জানিয়েছে।

মোদি শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ভারত-ইউক্রেন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।

জেলেনস্কি মোদিকে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির বিষয়েও অবহিত করেন। যুদ্ধ বন্ধে ভারতের সম্ভাব্য ভূমিকা এবং অন্যান্য নেতার সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

খাদ্য নিরাপত্তাকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। অবরুদ্ধ সমুদ্রপথ বিশ্ব অর্থনীতি ও বহু মানুষের ওপর প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়সহ অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে দুই দেশের প্রতিনিধিরা যোগাযোগ অব্যাহত রাখবেন।

১৩১ কোটি টাকার তহবিল, তবু অবকাঠামো সংকট; পাগলা মসজিদে স্থায়ী কমিটির দাবি

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
১৩১ কোটি টাকার তহবিল, তবু অবকাঠামো সংকট; পাগলা মসজিদে স্থায়ী কমিটির দাবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ধর্মপ্রাণ মানুষের কাছে এটি শুধু একটি ইবাদতখানা নয়, ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী আসেন মসজিদটিতে। এর তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি অর্থ। রয়েছে তুরস্কের স্থাপত্যশৈলীর আদলে দৃষ্টিনন্দন ১০ তলা আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও। কিন্তু বিপুল অর্থের তহবিল ও উন্নয়নের সম্ভাবনা থাকা সত্ত্বেও মসজিদের ব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট এবং স্থায়ী পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠেছে।

দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে পাগলা মসজিদ। এতে প্রশাসনিক জটিলতা ও জবাবদিহির ঘাটতি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ এই ধর্মীয় প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ স্থায়ী পরিচালনা কমিটি গঠন করতে হবে।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় মুরুব্বি ও মুসল্লিদের একটি প্রতিনিধিদল। এ সময় তাঁরা মসজিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হলেও স্থায়ী কমিটি গঠনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

মুসল্লিদের ভাষ্য, সাধারণত স্বল্প সময়ের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হলেও দীর্ঘদিন ধরে একই ব্যবস্থায় প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় জবাবদিহি ও নিয়মিত তদারকির ঘাটতি তৈরি হচ্ছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা রাষ্ট্রীয় নানা কাজে ব্যস্ত থাকায় মসজিদের দৈনন্দিন ব্যবস্থাপনায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলেও অভিযোগ তাঁদের।

প্রতিনিধিদলের সদস্যরা আরও জানান, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁরা পর্যাপ্ত সময় পাননি। পাশাপাশি মসজিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বিশেষ করে নারী মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, জোহর, আসর ও মাগরিবের নামাজের সময় নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। দায়িত্ব পালনের সময় কিছু আনসার সদস্যের অসচেতনতা ও মোবাইল ফোন ব্যবহারের কারণেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে বলে দাবি করেন তাঁরা।

মসজিদ পরিচালনা কমিটিতে স্থানীয় নিয়মিত মুসল্লি, অভিজ্ঞ মুরুব্বি ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের মতে, যাঁরা দীর্ঘদিন ধরে মসজিদের সঙ্গে সম্পৃক্ত এবং এর পবিত্রতা ও সুনাম রক্ষায় আন্তরিক, পরিচালনা ব্যবস্থায় তাঁদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

মুসল্লিদের অভিযোগ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি পাগলা মসজিদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘পাগলা মসজিদ কিশোরগঞ্জের প্রাণের স্পন্দন। সারা দেশের মানুষের কাছেও এটি অত্যন্ত পরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। অ্যাডহক কমিটি সাধারণত স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করে। অথচ এখানে দীর্ঘদিন ধরে এ ব্যবস্থা চলমান থাকা দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেব এবং স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করব।’

জেলা পরিষদ প্রশাসকের এই আশ্বাসের পর দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে মসজিদের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত তদারকি নিশ্চিত হবে।

অন্যদিকে, পাগলা মসজিদে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হলেও তাঁদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে নামাজের জায়গার সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক মুসল্লিকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় নামাজ আদায় করতে হয়।

এ ছাড়া পর্যাপ্ত অজুখানা, শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় নারী-পুরুষ মুসল্লি এবং দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ দিনগুলোতে মানুষের সমাগম বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, মসজিদের বর্তমান অবকাঠামো ও ব্যবস্থাপনা দিয়ে ক্রমবর্ধমান মুসল্লি ও দর্শনার্থীদের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পরিকল্পিত সম্প্রসারণ, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

পাগলা মসজিদের তহবিলে বর্তমানে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি অর্থ জমা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিপুল এই অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে। তাঁদের প্রত্যাশা, তহবিলের অর্থ পরিকল্পিতভাবে ব্যবহার করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

গত ১০ আগস্ট ২০২৫ তারিখে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন করেন। ওই সময় তিনি তুরস্কের স্থাপত্যশৈলীর আদলে পাগলা মসজিদ ওয়াক্‌ফ এস্টেটে দৃষ্টিনন্দন ১০ তলা মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান।

পরিকল্পিত এই কমপ্লেক্স বাস্তবায়িত হলে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মুসল্লিদের নামাজের স্থান, অজু ও পার্কিংসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে পরিকল্পনাটির বাস্তবায়ন, অর্থায়ন ও নির্মাণকাজের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রত্যাশার পাশাপাশি প্রশ্নও রয়েছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে প্রচলিত ইতিহাস এবং শিক্ষক মতিউর রহমান রচিত ‘দেওয়ান ঈসা খাঁ’ গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৯১৮ সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়। পরে স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হয়।

প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, বাংলার বার ভূঁইয়াদের অন্যতম শাসক ঈসা খাঁর উত্তরপুরুষ দেওয়ান জিলকদর দাদ খাঁ দুনিয়াদারির প্রতি আগ্রহ হারিয়ে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘পাগলা সাহেব’ নামে পরিচিত ছিলেন। তাঁর ইবাদত-বন্দেগির জন্য নরসুন্দা নদীর মাঝখানে একটি টিলার ওপর টিনের ঘর নির্মাণ করা হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই স্থাপনাই পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।

স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মতে, পাগলা মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিপুল অর্থের তহবিলের যথাযথ ব্যবহার, মুসল্লিদের নিরাপত্তা, নারীদের নামাজের উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত অজুখানা ও পার্কিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ জন্য স্থানীয় মুসল্লি, বিশিষ্ট আলেম, অভিজ্ঞ ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে একটি কার্যকর স্থায়ী পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জের নয়, দেশের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে আর বিলম্ব না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর।